কৃত্রিম বুদ্ধিমত্তা: শ্রেষ্ঠ গবেষক নোবিপ্রবির কাওছার
‘ডিপ নিউরাল নেটওয়ার্ক ও অপটিমিজম’ এর ওপর নতুন গাণিতিক পরিভাষা (এলগরিদম) নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করে শ্রেষ্ঠ গবেষক সম্মাননা পেয়েছেন বাংলাদেশের কাওছার। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি-২০১৯’ সম্মেলনে ‘বেস্ট রিসার্চ পেপার’ সম্মাননা জয় করেন ফলিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এই শিক্ষার্থী।
‘এলসেভার বা স্কোপাস এবং রিসার্চ সোসাইটি’ এর আয়োজনে গত ২২ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় এই গবেষক সম্মেলন।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত আইইই সম্মেলনে কম্পিউটার ভিশনের ওপর গবেষণার জন্য শ্রেষ্ঠ গবেষকের অ্যাওয়ার্ড পান কাওছার। এই সম্মেলনে তিনি ক্রিকেট খেলায় আম্পায়ারের কাজ করতে সক্ষম ‘কম্পিউটার ভিশন এবং অটোমেটেড প্রসেসের’ এর ওপর গবেষণাপত্র প্রকাশ করেন। বাংলা ল্যাঙ্গুয়েজ টুল কিট ডেভেলপ করে ‘রবি আর ডেঞ্জার ২.০’ তে ইনভেস্ট পাওয়ার বিজয়ী হন।
এছাড়াও কাওছার স্প্রিঙ্গারের আয়োজিত সম্মেলনে শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওই সম্মেলনে তিনি নতুন একটি এলগরিদমের ওপর গবেষণাপত্র প্রকাশ করেন। এর সাহায্যে নিউমেরিকল ইন্টারপোলেশন মেথডকে রিগ্রেশনের (পশ্চাদগতি) কাজে ব্যবহার করা যাবে।
বর্তমানে তিনি ইম্প্যাক্ট লার্নিং নামে একটি নতুন মেশিন লার্নিং এলগরিদম নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত তার ১৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লায়েড কম্পিউটিংয়ের ওপর এমএসসি করার জন্য কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন। বর্তমানে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।